* গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ‘সামুদ ফ্লোটিলা’ আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করুন।
বর্তমান বিশ্বে গাজা উপত্যকার মানবিক সংকট এক ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিনের ইসরায়েলি আগ্রাসন, অবরোধ ও নিরস্ত্র জনগণের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। শিশু, নারী ও বয়স্ক কেউই রক্ষা পাচ্ছে না। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে গাজার মানুষের দুর্ভোগ কমেনি। ইসরায়েলি আগ্রাসন ও অবরোধের ফলে লক্ষাধিক মানুষ খাদ্য, ওষুধ ও আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মুখে মানবতার এক অনন্য প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে সামুদ ফ্লোটিলা। এটি হয়ে উঠেছে মানবিক সহায়তা ও প্রতিবাদের প্রতীকী অভিযাত্রা। এ অভিযাত্রার উদ্দেশ্য হলো গাজার দিকে মানবিক সাহায্য পাঠানো ও অবরোধের বিরুদ্ধে বিশ্ববাসীর নৈতিক প্রতিবাদ জানানো।.
সামুদ্রিক ফ্লোটিলা কী? সামুদ ফ্লোটিলা (Freedom Flotilla) হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ, যেখানে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও সমাজকর্মীরা অংশ নেন। তাদের লক্ষ্য ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া। এটি কেবল মানবিক সহায়তার প্রতীক নয়, বরং অবরোধ ও অন্যায়ের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদ।
ফ্লোটিলা শব্দের অর্থই হলো নৌবহর বা ছোট ছোট জাহাজের সমষ্টি। এই বহরের সদস্যরা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, মানবিক বিবেকবোধ থেকে গাজার নির্যাতিত জনগণের কাছে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করেন। ফ্লোটিলার মূল উদ্দেশ্য শুধু সাহায্য নয়; বরং ইসরায়েলি অবরোধের অমানবিকতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এটি এমন একটি প্রতীকী আন্দোলন, যা যুদ্ধবিরোধী চেতনা, মানবিক সহানুভূতি ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর বার্তা দেয়।
সামুদ্রিক ফ্লোটিলার সূচনা ও ইতিহাস
ফ্লোটিলা আন্দোলনের সূত্রপাত ২০১০ সালে ‘মাভি মারমারা’ নামক জাহাজ থেকে। তুরস্কের নেতৃত্বে গঠিত Freedom Flotilla Coalition তখন গাজার উদ্দেশ্যে কয়েকটি জাহাজ পাঠায়। এই বহর গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছিল। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে জাহাজগুলোতে হামলা চালায় এবং নয়জন তুর্কি কর্মীকে হত্যা করে। এই ঘটনা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলে। এরপর থেকে প্রতি বছরই বিভিন্ন মানবিক সংগঠন গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করছে। Freedom Flotilla Coalition বর্তমানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নানা সংগঠনকে যুক্ত করে নিয়মিতভাবে ফ্লোটিলা পাঠাচ্ছে। প্রতিবারই তারা শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে যাত্রা শুরু করে, কিন্তু ইসরায়েলি বাহিনী তা বাধা দেয়।
সামুদ ফ্লোটিলার অর্জন
এবারের অভিযানে বেশির ভাগ জাহাজ আটক হওয়ায় তারা গাজার ভূখণ্ডে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে। খাদ্য, ওষুধ বা অন্যান্য পণ্য পৌঁছানো যায়নি। অভিযানে অংশ নেয়া শতাধিক বিদেশীকে ইসরাইল আটক করে। পরে তাদের গ্রিস ও জর্দানে পাঠিয়ে দেয়। ফ্লোটিলা অবরোধ ভাঙতে না পারলেও এটি একটি নৈতিক বিজয় অর্জন করেছে। কারণ বিশ্বব্যাপী গাজার মানুষের দুর্দশা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্বের সাধারণ মানুষ, সাংবাদিক ও চিকিৎসকরা এখনো ন্যায়ের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। গাজার অবরোধের বৈধতা নিয়ে আন্তর্জাতিক আদালতে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ও মানবাধিকার কমিশন এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। ফ্লোটিলার আরেকটি বড় প্রভাব হলো আন্তর্জাতিক জনমতের পরিবর্তন। বহু দেশ ও সংস্থায় এখন ‘গাজা ব্লকেড’ শব্দটি মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংবাদমাধ্যম ও অ্যাকাডেমিক জগতে গবেষণা ও প্রতিবেদন তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছে, অবরোধ কোনোভাবেই বৈধ নয়, কারণ এটি সামরিক নয়, বরং সাধারণ জনগণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এই জনমতের চাপ একদিন কূটনৈতিক অবস্থান পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।
মুসলিম বিশ্বের দায়িত্ব
ফিলিস্তিন প্রশ্নে মুসলিম বিশ্বের ঐক্যের অভাব আজও বড় প্রতিবন্ধকতা। ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) অনেক সময় বিবৃতি দিলেও কার্যকর পদক্ষেপ খুব কমই নেয়। অথচ গাজার শিশু, নারী ও বৃদ্ধদের পাশে দাঁড়ানো মুসলিম জাতির নৈতিক দায়িত্ব। সামুদ ফ্লোটিলা অভিযানের পক্ষে কিছু মুসলিম দেশ জোরালো অবস্থান নিলেও অনেক আরব দেশ নীরব থাকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক জোরদার করেছে। আরবদের কাছে রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়িয়েছে ‘মৌন কূটনীতি’ যেখানে মানবিক দায়বোধ প্রান্তিক। ফলে ফ্লোটিলা অভিযান রাজনৈতিকভাবে একাকী হয়ে যায়।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
পশ্চিমা বিশ্বের কিছু দেশ গাজার মানবিক সহায়তায় অর্থ দিলেও রাজনৈতিকভাবে তারা অনেকাংশে ইসরায়েলকেই সমর্থন করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশ ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে। ফলে ইসরায়েলি আগ্রাসন রোধে জাতিসংঘও প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি ফ্লোটিলার প্রতি সংহতি প্রকাশ করেছে। তারা বলেছে, গাজায় অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
ভবিষ্যতে এ ধরনের আন্দোলন সফল করতে হলে কিছু কৌশলগত পরিবর্তন জরুরি। যেমন- আন্তর্জাতিক আদালত ও জাতিসঙ্ঘে অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করা; জাতিসঙ্ঘ বা বহু দেশের সমন্বয়ে ‘নিরপেক্ষ মানবিক কনভয়’ গঠন করা, যা ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণের শঙ্কা ছাড়াই গাজায় সহায়তা পৌঁছাতে পারবে। গাজার সঙ্কট শুধু রাজনৈতিক বা সামরিক ইস্যু নয়; এটি মানবতার প্রশ্ন। সামুদ ফ্লোটিলা সেই কান্নার জবাব দিয়েছে। এই নৌযাত্রা গাজার উপকূলে পৌঁছায়নি, কিন্তু এটি পৌঁছে গেছে বিশ্বের বিবেকের গভীরে। ড. মো: মিজানুর রহমান, অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট প্রকাশকাল: ১ অক্টোবর, নয়াদিগন্ত।