বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দৈন্যতা তুলে ধরুন। এর পেছনের কারণগুলো কী কী? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিয়ে টেকসই অর্থনীতি গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ সুপারিশ করুন।
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম জনবহুল একটি উচ্চশিক্ষা কাঠামো। ৫৫টি পাবলিক ও ১১৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তবে এই বিশাল উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা আমাদের দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে উঠে আসা তথ্য আমাদের এই খাতের বিদ্যমান সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরছে। এই বিশাল শিক্ষার্থী সংখ্যার সঙ্গে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি, কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জ্ঞান বাড়ানোর দিকেও জোর দেওয়া প্রয়োজন।।
[Bangladesh’s higher education system is one of the most populous higher education structures in the world. Approximately 4.5 million students are studzing in 55 public and 115 private universities, which is even more than the total population of many countries. However, creating adequate employment for this vast educated population has become one of the country’s major challenges. Various research and reports highlight the existing problems in this sector. Ensuring quality education for such a large number of students is a significant challenge. At the same time, emphasis must also be placed on enhancing skills and knowledge for employment opportunities.]
উচ্চশিক্ষায় প্রতিষ্ঠান ও শিক্ষার্থী: ২০২১ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন অনুসারে, ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪১ লাখ ৩১ হাজার ৬১০ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে। অন্যদিকে ১০৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সর্বমোট শিক্ষার্থী তিন লাখ ১০ হাজার ১০৭। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়েই ২৯ লাখ ৩৪ হাজার ৭১২ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে, যা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থীর সংখ্যার প্রায় দ্বিগুণ। এই সংখ্যা উচ্চশিক্ষার প্রসারকে একটি গর্বের বিষয় হিসেবে তুলে ধরলেও এর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
[According to the annual report of the University Grants Commission (UGC) for 2021, 4, 131,610 students are pursuing higher education in 50 public universities. On the other hand, a total of 310,107 students are enrolled in 108 private universities. In the National University alone, 2,934,712 students are pursuing higher education, which is nearly double the combined number of students in the public and private universities of the country. While this number highlights the raised about its quality. There is a significant difference in the quality of expansion of higher education as a matter of pride, concerns have been education and infrastructural facilities between public and private universities.]
বিষয়ভিত্তিক বণ্টন: শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বণ্টনও বেশ বৈচিত্র্যময়। কলা ও মানবিক বিভাগে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী থাকলেও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ও সামাজিক বিজ্ঞানের চাহিদা বাড়ছে। তবে এ বিষয়গুলোয় অর্জিত শিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার মিল কতটুকু, তা ভাবনার বিষয়। এ অবস্থায় বিষয়ভিত্তিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্ব বাড়ানো উচিত। [The distribution of students across different subjects is quite diverse. While the highest number of students are in the Arts and Humanities departments, the number of students in Science, Technology, Engineering, and Mathematics (STEM) fields is comparatively low. On the other hand, the demand for Business Education and Social Sciences is increasing. However, the alignment between the education gained in these fields and the demands of the labor market is a matter of concern. In this situation, it is important to place greater emphasis on subject-based education and skill development.]
উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা: ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুসারে, তখন দেশে বেকারের সংখ্যা ছিল ২৫ লাখ ৮২ হাজার। এই বেকারদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আছে সাত লাখ ৯৯ হাজার । এর মানে হলো মোট বেকারের প্রতি তিনজনে একজন উচ্চশিক্ষিত। ঢাকাভিত্তিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চের (সিডিইআর) বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবার মার্কেট ওয়াচ ২০১৬ প্রতিবেদন অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের মধ্যে বেকারত্বের হার ক্রমবর্ধমান। ২০১০ সালে এই হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ, যা ২০১৩ সালে বেড়ে ১৬ দশমিক ৪ শতাংশে পৌছায়। যদিও ২০১৬ সালে তা কিছুটা কমে ১২ দশমিক ১ শতাংশে নেমে আসে, তবুও উচ্চশিক্ষিত তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ বেকার রয়ে গেছে।
[According to the 2022 Labor Force Survey, the number of unemployed people in the country was 2.58 million. Among these unemployed, 799,000 hold a bachelor’s or master’s degree. This means that one in every three unemployed individuals is highly educated. According to the 2016 report of the Center for Development and Employment Research (CDER) based in Dhaka, the unemployment rate among graduates and postgraduates has been increasing. In 2010, the rate was 9.9%, which rose to 16.4% in 2013. Although it slightly decreased to 12.1% in 2016, a significant portion of highly educated youth remains unemployed.]
উচ্চশিক্ষায় অসামঞ্জস্যপূর্ণ কারিকুলাম: কর্মসংস্থানের এই চিত্র আমাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দুর্বলতা নির্দেশ করে। বিশ্ববিদ্যালয়গুলোয় যে শিক্ষারব্যবস্থা করা হয়েছে, তা প্রায়ই চাকরির বাজারের প্রয়োজনীয়তার সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে দক্ষ কর্মী না পেয়ে বিদেশি কর্মী নিয়োগ করতে বাধ্য হয়। ২০১৮ সালে সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৮৫ হাজার ৪৮৬ জন বিদেশি কর্মরত, যাদের প্রায় অর্ধেকই ভারতীয়। এই পরিসংখ্যান দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
[This picture of employment indicates weaknesses in our education and skill development. The education system in universities is often not aligned with the needs of the job market. As a result, corporate organizations are often forced to hire foreign workers due to the lack of skilled local employees. According to data presented in Parliament in 2018, 85,486 foreign workers are employed in Bangladesh, nearly half of whom are Indian. This statistic has become a matter of concern for the development of the country’s education system.]
ব্যবস্থাপনায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা: বাংলাদেশের অর্থনৈতিক খাতের বিভিন্ন স্তরে বিদেশি কর্মীদের উপস্থিতি আমাদের কর্মসংস্থান নীতিমালার দুর্বলতাকে ইঙ্গিত করে। তৈরি পোশাক খাত, ওষুধশিল্প এবং অন্যান্য উৎপাদন খাতে মধ্য-স্তরের ব্যবস্থাপনা এবং কারিগরি দক্ষতার ঘাটতির কারণে বিদেশি কর্মীদের আনতে হচ্ছে। বিশেষত, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার অভাব বাংলাদেশের তরুণদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তাকে জোরালো করে। বিদেশি কর্মীদের প্রাধান্য শুধু প্রযুক্তি ও ব্যবস্থাপনার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, অনেক ক্ষেত্রে তারা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ পর্যায়েও ভূমিকা রাখছে। এটি দেশের মেধাসম্পদ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। দেশের তরুণ প্রজন্মকে এক্ষেত্রে দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি।
[The presence of foreign workers at various levels of Bangladesh’s economic sectors points to weaknesses in our employment policies. Due to a lack of mid-level management and technical skills in industries such as the garment sector, pharmaceutical industry, and other manufacturing sectors, foreign workers are being brought in. Particularly in the era of the Fourth Industrial Revolution, the lack of technical and professional skills is putting Bangladesh’s youth at a competitive disadvantage. This situation highlights the need for increased investment in developing students’ skills. The dominance of foreign workers is not limited to technology and management sectors; in many cases, they are also playing a crucial role in key stages of product manufacturing in export processing Zones (EPZs). This creates a barrier to the country’s intellectual capital and the creation of employment opportunities. It is extremely important to equip the country’s youth with the necessary skills in this regard.]
উচ্চশিক্ষায় সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি উচ্চশিক্ষার প্রসারের পেছনে পরিকল্পনার অভাব স্পষ্ট। দেশে শিক্ষা পরিকল্পনার চারটি মূল পদ্ধতি রয়েছে। বাংলাদেশে মূলত সামাজিক চাহিদা পদ্ধতির ওপর বেশি জোর দেয়া হয়েছে। এটি উচ্চশিক্ষার আসনসংখ্যা বৃদ্ধি করলেও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ। অন্যদিকে জনশক্তি পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীদের দক্ষ করে তোলা সম্ভব। দুর্ভাগ্যবশত এই পদ্ধতির অভাব আমাদের শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না। এ অবস্থায় একটি সুসমন্বিত শিক্ষা পরিকল্পনার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[There is a clear lack of planning behind the expansion of higher education. There are four main methods of education planning in the country. In Bangladesh, more emphasis has been placed on the social demand method. While this has increased the number of seats in higher education, it has failed to ensure employment-oriented education. On the other hand, through the manpower planning method, it is possible to skill students according to the demands of the labor market. Unfortunately, the absence of this method has prevented our education system from connecting with employment opportunities. In this situation, the need for a well-coordinated education plan is extremely important.]
উচ্চশিক্ষার মানোন্নয়নে করণীয় গবেষণা ও উদ্ভাবননির্ভর উচ্চশিক্ষা প্রয়োজন: দেশগুলোয় উচ্চশিক্ষা একটি শক্তিশালী গবেষণা ও উদ্ভাবননির্ভর কাঠামোর ওপর গড়ে উঠেছে। যেমন, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষা প্রদান করে। এসব দেশে বিশ্ববিদ্যালয়গুলো শিল্পের চাহিদার সঙ্গে মিল রেখে কারিকুলাম তৈরি করে। এই মডেলগুলো বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য কার্যকর উদাহরণ হতে পারে। বাংলাদেশ এই তুলনায় পিছিয়ে আছে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনে পর্যাপ্ত বিনিয়োগ করতে পারছে না। ফলে আমাদের স্নাতকরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারছে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
[In many countries, higher education is built on a strong research and innovation-based framework. For example, countries like Germany and South Korea provide technology and innovation-oriented education to their students. Universities in these countries design curricula in line with industry demands. These models can serve as effective examples for higher education in Bangladesh. In comparison, Bangladesh is lagging behind. The universities here are unable to make adequate investments in research and innovation. As a result, our graduates are unable to compete in the international job market. Special initiatives are needed to promote research and innovation in our universities.]
যুগোপযোগী পাঠক্রম ও শিক্ষাদান পদ্ধতি নিশ্চিতকরণ: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গবেষণার পরিবেশ ও গুণগত শিক্ষাদানের অভাব বিদ্যমান। অনেক ক্ষেত্রেই পাঠক্রম ও শিক্ষাদানের পদ্ধতি যুগোপযোগী নয়। বিশ্ববিদ্যালয়গুলোয় শিল্পের প্রয়োজনীয়তা অনুযায়ী কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয় না। শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অবহেলিত। চাকরির বাজারে প্রতিযোগিতা করার জন্য প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার প্রয়োজন, যা অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীদের নেই।
[There is a lack of a research environment and quality education in educational institutions. In many cases, the curriculum and teaching methods are not up-to-date. Universities do not offer courses and training programs based on industry needs. Providing students with practical training has been neglected. To compete in the job market, technical and professional skills are required, which, in many cases, our students do not possess.]
বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্বারোপ: দেশের শিক্ষাব্যবস্থা বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দেয় না। এই শিক্ষার মাধ্যমে সরাসরি কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।
[The country’s education system does not give enough importance to vocational education. This type of education can directly ensure employment.]
গবেষণার জন্য তহবিল নিশ্চিতকরণ: বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার জন্য প্রয়োজনীয় তহবিলের অভাব রয়েছে। গবেষণায় অগ্রগতি মানসম্মত উচ্চশিক্ষার মূল ভিত্তি।
[There is a lack of necessary funding for research in universities. Progress in research is the foundation of quality higher education.]
উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ: উচ্চশিক্ষা ব্যবস্থা স্নাতকদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে ব্যর্থ। উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।
[The higher education system has failed to encourage graduates to become entrepreneurs. If entrepreneurs are created, employment opportunities will increase.]
চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারিকুলাম প্রণয়ন: বর্তমান শিক্ষাক্রমকে আধুনিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে পুনর্গঠন করা জরুরি। বিশেষত এসটিইএম বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে।
[It is essential to restructure the current curriculum to align with the demands of the modern job market. In particular, efforts should be made to increase students’ interest in STEM subjects and focus on enhancing their skills.]
বাস্তবমুখী প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ নিশ্চিতকরণ: শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ নিশ্চিত করতে করপোরেট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা উচিত।
[To ensure practical training and internships for students, effective communication should be established between corporate institutions and universities.]
বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম চালু: কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। উচ্চশিক্ষায় গবেষণার মান উন্নয়নে আরও তহবিল বরাদ্দ করতে হবে। গবেষণার ফলাফল শিল্প ও উৎপাদন খাতে ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
[It is essential to introduce vocational education programs to prepare students for employment. Additional funding must be allocated to improve the quality of research in higher education. The results of research can be applied in the industry and manufacturing sectors to accelerate economic development.]
বিদেশি কর্মীদের উপর নির্ভরতা হ্রাস: দেশীয় দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশি কর্মীদের উপ নির্ভরতা কমানো সম্ভব। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করা দরকার। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
[It is possible to reduce dependence on foreign workers by developing a skilled domestic workforce. Training and incentives need to be provided to nurture young people as entrepreneurs. Regular training should be ensured to improve the professional skills of teachers.]
তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তোলা: যুগোপযোগী শিক্ষাদানের জন্য তাদের আধুনিক প্রযুক্তি এবং শিক্ষা কৌশলে দক্ষ হতে হবে। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তোলা জরুরি।
[To provide contemporary education, teachers must be proficient in modern technology and teaching methods. To achieve the goal of building a Digital Bangladesh, it is crucial to increase the use of technology in educational institutions and equip students with skills in information technology.]
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ প্রসার করতে বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত। এর মধ্যে টিউশন ফি মওকুফ, বৃত্তি প্রদান ও বিনা মূল্যে শিক্ষাসামগ্রী সরবরাহ অন্তর্ভুক্ত হতে পারে।
[Special plans should be made to expand educational opportunities for the marginalized communities in society. This could include waiving tuition fees, providing scholarships, and supplying free educational materials.]
নৈতিক ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণ: কেবল প্রযুক্তিগত বা কারিগরি দক্ষতা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধেও শিক্ষিত করা প্রয়োজন, যাতে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এই ধরনের উদ্যোগগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অনেক দ্রুত গতিতে সম্ভব হবে।
[Not only technical or vocational skills, but students also need to be educated in ethical and social values so that they can play a positive role in society. If such initiatives are implemented systematically, it will not only improve the quality of higher education but also accelerate the country’s economic and social development.]
বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষার প্রসার ঘটলেও মান ও দক্ষতার অভাবে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব বাড়ছে। শিক্ষার সঙ্গে শিল্প খাতের চাহিদার অসামঞ্জস্য দূর করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। উচ্চশিক্ষার কাঠামোতে গুণগত পরিবর্তন এনে আমরা একটি দক্ষ, প্রতিযোগিতামুলক ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারব।
[Bangladesh’s higher education system is going through a transitional phase. Although education has expanded, the lack of quality and skills is increasing unemployment among highly educated youth. It is now imperative to take planned steps to bridge the gap between education and the demands of the industrial sector and to create a skilled workforce. By making qualitative changes in the higher education_framework, we can build a skilled, competitive, and sustainable economy.]
মো. খালিদ হাসান ২ ফেব্রুয়ারি, শেয়ার বিজ