আমরা ডাক্তার রা যখন জেনারেল ক্যাডারে পরীক্ষা দিতে যাই তখন প্রায়শই কিছু কমন প্রশ্নের সম্মূখীন হতে হয়। এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর না দিতে পারলে ভাইভা তে ফেল করার সম্ভাবনা থাকে অথবা কাঙ্ক্ষিত ক্যাডার প্রাপ্তিতে বাঁধা সৃষ্টি হয়। সে সকল প্রশ্ন গুলো কী এবং প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আজকে লিখছি।
প্রশ্ন-১ঃ আপনি স্বাস্থ্য ক্যাডার ছেড়ে কেন প্রশাসন ক্যাডারে আসতে চান?
নমুনা উত্তর:
ধন্যবাদ স্যার। স্বাস্থ্য ক্যাডারে আমি ব্যক্তি পর্যায়ে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু প্রশাসন ক্যাডারে গেলে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর উপর প্রভাব রাখা যায়। মাঠ প্রশাসনে থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবহার করে স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে কাঠামোগত ও টেকসই পরিবর্তন আনার সুযোগ থাকায় আমি প্রশাসন ক্যাডারে আসতে আগ্রহী।
প্রশ্ন-২ঃ একজন ডাক্তার হিসেবে আপনার অর্জিত জ্ঞান কিভাবে প্রশাসন ক্যাডারে কাজে লাগাবেন?
নমুনা উত্তরঃ
ধন্যবাদ স্যার। একজন ডাক্তার হিসেবে আমার স্বাস্থ্যের জ্ঞান প্রশাসনের কাজে ব্যবহার করব মূলত জনস্বার্থ নিশ্চিত করার জন্য। চিকিৎসাবিজ্ঞানের প্রশিক্ষণ আমাকে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণে দক্ষ করেছে, যা প্রশাসনিক সিদ্ধান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাদান, পুষ্টি ও রোগ প্রতিরোধমূলক কর্মসূচির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করব। পাশাপাশি মাঠপর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্য বাজেট, জনবল ও অবকাঠামোর দক্ষ বণ্টন নিশ্চিত করতে পারব।
মহামারি বা দুর্যোগের সময় একজন ডাক্তার হিসেবে আমি দ্রুত, বৈজ্ঞানিক ও মানবিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব। এছাড়া স্বাস্থ্য বিভাগ ও মাঠ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে সেবার মান ও জবাবদিহিতা বাড়াব।
সংক্ষেপে, স্বাস্থ্যের জ্ঞান ও প্রশাসনিক ক্ষমতার সমন্বয়ে জনগণের জন্য কার্যকর, মানবিক ও টেকসই প্রশাসন নিশ্চিত করাই আমার লক্ষ্য।
প্রশ্ন-৩ঃ আপনি তো সরকারি মেডিকেলে পড়াশুনা করেছেন, আপনাকে ডাক্তার বানাতে তো সরকার অনেক টাকা খরচ করেছেন, আপনি এখন প্রফেশন চেঞ্জ করে এডমিন ক্যাডারে আসেতে চাচ্ছেন, এটা কি অপচয় নয়?
নমুনা উত্তরঃ
মাননীয় বোর্ড, আমি এটাকে অপচয় মনে করি না, বরং রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসেবে দেখি। সরকার আমাকে মেডিকেল শিক্ষা দিয়েছে যাতে আমি বিজ্ঞানভিত্তিক, শৃঙ্খলাবদ্ধ ও মানুষের সেবা-মনস্ক একজন কর্মকর্তা হিসেবে গড়ে উঠি—যা প্রশাসনেও সমানভাবে প্রযোজ্য।
হেলথ শিক্ষার মাধ্যমে আমি পাবলিক হেলথ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করেছি। প্রশাসনে থেকে আমি এই জ্ঞান ব্যবহার করে স্বাস্থ্যখাতের পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা ও নীতির বাস্তবায়ন আরও কার্যকর করতে পারব।
অর্থাৎ সরকার যে বিনিয়োগ করেছে, তা একজন চিকিৎসকেই নয়, বরং একজন দক্ষ প্রশাসক তৈরিতে ব্যবহৃত হবে, যা দীর্ঘমেয়াদে জনগণের জন্য বেশি সুফল বয়ে আনবে—এটি অপচয় নয়, বরং সর্বোত্তম ব্যবহার।
পুনশ্চ ভাইভা প্রস্তুতিতে আপনাকে সবসময় থাকতে হবে চৌকস ও সতর্ক। বোর্ড আপনাকে নানা জটিল প্রশ্ন করে আপনার টেম্পারেমেন্ট যাচাই করবে। ভাইভা বোর্ডে ম্যাটার করে আপনি কত ভালোভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেছেন, কতটৃকু পেরেছেন সেটা নয়। ভাইভা রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ওপেন থাকছে।